বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ১২:২১

নিজেদের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু করা এবং তাদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মেটা ধারাবাহিকভাবে আদালতে পরাজয়ের মুখে পড়েছে। তবে মঙ্গলবার (১৮ আগস্ট) শুরু হতে যাওয়া একটি জুরি ট্রায়াল সম্ভবত মেটার কার্যক্রমের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে।

এই বিচার ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের করা একটি মামলার ভিত্তিতে শুরু হচ্ছে। এসব অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কও রয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, শিশুদের ক্ষেত্রে ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন গোপনীয়তা আইন লঙ্ঘন করা হয়েছে।

অঙ্গরাজ্যগুলো শুধু মেটার কাছে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করছে না, তারা ইনস্টাগ্রাম ও ফেসবুকে পরিবর্তন আনারও দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাইক’ সংখ্যা দেখানো বন্ধ করা এবং অবিরাম স্ক্রলিং ফিচার বন্ধ করা।

এত বড় পরিসরের মামলায় শেষ পর্যন্ত মেটা হেরে গেলে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে বাধ্য হতে পারে প্রতিষ্ঠানটি। মেটার বিরুদ্ধে মামলা করা অঙ্গরাজ্যগুলো তরুণদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুকের কার্যক্রমে আরও অনেক পরিবর্তন চায়।

তারা মেটার কাছে দাবি করেছে-

# কিশোর ব্যবহারকারীদের ক্ষেত্রে অভিভাবকের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু করা।
# ব্যবহারকারীদের মস্তিস্ককে প্রভাবিত করে এমন অ্যালগরিদম পরিবর্তন আনা।
# ছবিতে ব্যক্তির চেহারা বদলে দেয় এমন অনেক ইমেজ ফিল্টার সরিয়ে দেওয়া।
# ভিডিও কনটেন্টের স্বয়ংক্রিয় প্লে বন্ধ করা।
# একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ নিষিদ্ধ করা
# ইনস্টাগ্রাম স্টোরির মতো নির্দিষ্ট সময় পর অদৃশ্য হয়ে যায়- এমন ক্ষণস্থায়ী পোস্টের ব্যবস্থা বন্ধ করা।

Parisreports / Parisreports