সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ১১:১১

একাই দেড় হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন নেপালের এক শিক্ষক। নেপালে বিধ্বংসী পাহাড়ি ঢলের কয়েক মিনিট আগে স্কুল খালি করার সিদ্ধান্তে রক্ষা পেলো শিক্ষার্থীরা। প্রলয়ংকারী বন্যায় স্কুল ভবনসহ নিশ্চিহ্ন হয়ে গেছে গোটা ত্রিশূলি গ্রাম। বিবিসিকে দেয়া সাক্ষাৎকার স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি বলেছেন, সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করলে সব শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়তো।

নেপাল তীব্বত সীমান্তে প্রলয়ংকারী বন্যা ও পাহাড়ি ঢলে দীর্ঘ হচ্ছে লাশের সারি। ধ্বংসস্তূপ ও কাদামাটির নিচ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। চাপা পড়েছে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা।

ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে নেপালের উত্তর-মধ্যাঞ্চল ত্রিশূলী উপত্যকা যখন কাদা-পানিতে তলিয়ে যাচ্ছে, তখন নুয়াকোট জেলার ত্রিভুবন ত্রিশুলি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করছিল ১ হাজার ৬০০ শিক্ষার্থী। এ সময় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বিভিন্ন ব্যক্তি ও সূত্রের কাছ থেকে বেশ কয়েকটি বন্যার আগাম সতর্কবার্তা পান স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি।

এক মুহূর্ত দেরি না করে দ্রুত স্কুল খালি করে শিক্ষার্থীদের সরিয়ে নেন নিরাপদ আশ্রয়ে। তার এমন তাৎক্ষণিক সিদ্ধান্তে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো দেড় হাজারের বেশি শিক্ষার্থী। এর কিছু সময় পরই ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যায় স্কুল ভবনসহ গোটা গ্রাম। স্থানীয়দের কাছে রীতিমতো নায়ক বনে গেছেন শিক্ষক রাজেন্দ্র।

Parisreports / Parisreports