রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আহ্বায়ক আজাদ মিয়া, সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল)

ফ্রান্স সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৬ রাত ৯:৪১

ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, সিলেট বিভাগের উন্নয়ন এবং দীর্ঘদিনের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত এ কমিটির আহ্বায়ক হয়েছেন লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়া। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন প্রবাসী সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুল মোমিত (রোমেল)।

গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ফ্রান্স কমিটিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১ অক্টোবর অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছিল।

অনুমোদিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনোয়ার হুসেন (মোজাহিদ), মো. তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ ও তৌফিকুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন বদরুল বিন আফরুজ, আনসারী মোহাম্মদ আজাদ ও জিল্লুর রহমান। কমিটিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব রয়েছে।
প্রবাসীদের আইনি সহায়তায় দীর্ঘদিনের সম্পৃক্ততা আজাদ মিয়ার

নবগঠিত কমিটির আহ্বায়ক আজাদ মিয়া দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন। তিনি লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক হিসেবে প্রবাসীদের আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে অভিবাসনসংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রক্রিয়া এবং আইনি পরামর্শের প্রয়োজন রয়েছে এমন প্রবাসীদের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাঁদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকেই তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠিত করা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সম্মিলিতভাবে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা নতুন কমিটির কার্যক্রমে ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছেন সাংবাদিক আব্দুল মোমিত (রোমেল)
কমিটির সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) একজন প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকারকর্মী। তিনি দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও দাবি-দাওয়া তুলে ধরছেন।

প্রবাসীদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা এবং এসব সেবা গ্রহণের ক্ষেত্রে তাঁদের জটিলতা ও ভোগান্তি দূর করার বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি ও দাবি আদায়ের বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন উদ্যোগেও ভূমিকা রাখছেন তিনি।

সাংবাদিকতার বাইরে মানবাধিকারসংশ্লিষ্ট কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আব্দুল মোমিত (রোমেল)। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের নির্বাহী সদস্য এবং ভয়েস ফর জাস্টিসের সদস্য হিসেবে কাজ করছেন। মানবাধিকার ও প্রবাসীদের অধিকারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি ব্যক্তি ও সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেও কাজ করছেন তিনি। পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও তাঁর কার্যক্রম রয়েছে।

প্রবাসীদের নাগরিক অধিকার, প্রয়োজনীয় নথিপত্র প্রাপ্তি, আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন এবং ন্যায্য দাবি আদায়ের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর লক্ষ্য, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো সংগঠিতভাবে তুলে ধরার পাশাপাশি সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করা।

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ উদ্যোগ
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো আবেদনপত্রে বলা হয়েছে, সিলেট বিভাগের প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং সিলেট বিভাগের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের মূলনীতি, আদর্শ ও কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরাই হবে কমিটির অন্যতম লক্ষ্য।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৮৭ সাল থেকে সংগঠনটি সিলেট বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। সংগঠনটির দাবি, সিলেটে নতুন রেলওয়ে স্টেশন স্থাপন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা এবং সিলেট বিভাগ ঘোষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আন্দোলন ভূমিকা রেখেছে।

এ ছাড়া ফেঞ্চুগঞ্জে সারকারখানা বহাল রাখা ও নতুন শাহজালাল সারকারখানা স্থাপন, শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউট ও চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিভিন্ন সড়কের উন্নয়ন এবং সুরমা নদীর তীর রক্ষার মতো বিষয়ও সংগঠনটির প্রকাশিত অর্জনের তালিকায় রয়েছে।

যেসব দাবি আদায়ে আন্দোলন অব্যাহত
সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত দাবির তালিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান চলাচলের সুযোগ সম্প্রসারণ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চালু, বিভাগের নদ-নদী খননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু, সিলেটে হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনঃস্থাপন এবং শমশেরনগর বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালুর দাবিও রয়েছে।

দাবির তালিকায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার, হাওর উন্নয়ন মন্ত্রণালয় গঠন, সিলেট বিভাগের ঘরে ঘরে গ্যাস সংযোগ, চায়ের সদর দপ্তর শ্রীমঙ্গলে স্থাপন এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমানোর বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

সংগঠনটির মতে, এসব দাবি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, শিল্প ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

নতুন কমিটিকে ঘিরে প্রত্যাশা
কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মধ্য দিয়ে ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন কমিটির সামনে এখন ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, তাঁদের সমস্যা ও দাবি চিহ্নিত করা এবং সিলেটের উন্নয়নসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার দায়িত্ব রয়েছে।

প্রবাসীদের আইনি ও প্রশাসনিক জটিলতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং সাংবাদিকতা ও মানবাধিকার কর্মকাণ্ডে সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে নতুন কমিটি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি আদায়ে ভূমিকা রাখতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগের উন্নয়ন, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য দাবি আদায়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে কার্যকর ভূমিকা রাখাই হবে ফ্রান্স কমিটির সামনে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

Parisreports / Parisreports

ফ্রান্স সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন

ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা

ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন