শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২৬ রাত ৯:২৩

বর্ষা মানেই জলাবদ্ধতা, যানজট কিংবা ভোগান্তি—এমন ধারণার বাইরে গিয়ে ঋতুটির সাংস্কৃতিক সৌন্দর্যকে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হচ্ছে নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’।

একইসঙ্গে এ অনুষ্ঠান থেকে সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিলও সংগ্রহ করা হচ্ছে। একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থি আহমেদের উদ্যোগে এবং চারুকলা অনুষদের সহযোগিতায় এই অনুষ্ঠান হচ্ছে।

এ বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে অর্থি আহমেদ বলেন, ‘প্রায় চার মাস আগে থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক বন্যার পর আয়োজকেরা মনে করেছেন, এমন দুর্যোগকে উপেক্ষা করা যায় না।’

‘শিল্পী হিসেবে সমাজের প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে। তাই বর্ষা উদযাপনের পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছি,’ বলেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া অর্থি আহমেদ ড্যান্স একাডেমির সদস্যরা ব্যক্তিগতভাবে অনুদান দেবেন বলে জানা গেছে। পাশাপাশি দর্শনার্থীরাও ভেন্যুতে স্থাপিত জাগো ফাউন্ডেশনের দুটি বুথের মাধ্যমে বন্যার্তদের জন্য অনুদান দিতে পারবেন।

অর্থি আহমেদের ভাষ্য, নগরজীবনে বর্ষা এখন অনেকের কাছেই জলাবদ্ধতা ও যানজটের প্রতীক হয়ে উঠেছে। অথচ বাংলার সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ষা উৎসবের অংশ। সেই সাংস্কৃতিক চেতনাকে নতুন করে সামনে আনতেই এই আয়োজন।

তিনি বলেন, ‘মানুষ যেন শুধু বর্ষা উদযাপনই না করে, একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও সুযোগ পায়—আমরা এমন একটি পরিসর তৈরি করতে চেয়েছি।’

তহবিল সংগ্রহের পরিমাণ হয়তো খুব বেশি হবে না উল্লেখ করে অর্থি বলেন, ‘সংকটের সময়ে শিল্পীদের নির্লিপ্ত থাকার সুযোগ নেই।’

‘শেষ পর্যন্ত কতটা সহায়তা করতে পারব, তা জানি না। কিন্তু উদাসীন থাকা কোনো বিকল্প হতে পারে না,’ বলেন তিনি।

‘ঘনঘটা ২’ একুশে পদক পাওয়ার পর অর্থি আহমেদের একাডেমির প্রথম বড় আয়োজন।

৯০ মিনিটের এই অনুষ্ঠানে মোট ১৬টি নৃত্য পরিবেশন করা হবে বলে জানা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোকজ ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এসব পরিবেশনায় অংশ নেবেন ৩ থেকে ৭০ বছর বয়সী ৩০০-এর বেশি শিল্পী।

অংশগ্রহণকারীদের মধ্যে যেমন রয়েছে শিশু ও প্রথমবারের মতো মঞ্চে ওঠা নৃত্যশিল্পীরা, তেমনি রয়েছেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষ।

অর্থি আহমেদ বলেন, গত বছরের প্রথম ‘ঘনঘটা’ অনুষ্ঠানের বিপুল সাড়াই এবার আরও বড় পরিসরে আয়োজন করতে অনুপ্রাণিত করেছে।

 

Parisreports / Parisreports

তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত

রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া 

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ

দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত