মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্যারিসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 


উল্লাস আশিক আহমেদ photo উল্লাস আশিক আহমেদ
প্রকাশিত: ২৪-১১-২০২৬ বিকাল ৬:৫৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় অভিজাত প্যারিস ১৬ টাউন হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি) অতিথিদের স্বাগত জানান। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন এবং দেশ ও বিদেশে বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ফ্রান্সসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার জন্য উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও বন্ধুত্ব ও অগ্রগতির এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিরক্ষা উপদেষ্টা।

 সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীর গঠন ও উন্নয়ন এবং দেশ ও বিদেশে বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরা হয়। ভিডিওচিত্রে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার সেবা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১শে নভেম্বর একটি বিশেষ গৌরবময় দিন।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদ ও সশস্ত্র বাহিনীর সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ভূমিকা রাখা ফরাসি লেখক, অভিযাত্রী, প্রতিরোধযোদ্ধা, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আন্দ্রে মালরোর অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এ জীবন উৎসর্গকারীদের প্রতিও শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে ওই আন্দোলন ও পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রচলিত ও অপ্রচলিত সব ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম, সুপ্রশিক্ষিত, সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অধীনে চলমান আধুনিকায়ন কর্মসূচির বিষয়েও বক্তব্যে আলোকপাত করেন রাষ্ট্রদূত।

এ ছাড়া শিক্ষার প্রসারে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও STEM শিক্ষার ওপর গুরুত্বারোপ, বাংলাদেশের জাতীয় ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর সংরক্ষণ, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং দেশের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন।

 

Parisreports / Parisreports

প্যারিসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 

ইতালির রোমে বাংলা ও ইতালিয়ান ভাষার কবিতা সন্ধ্যা

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

আমিরাতে 'বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র নতুন কমিটির অভিষেক

২০২৭ সালে এনআরবি গ্লোবাল সামিট ফ্রান্সে আয়োজনের পরিকল্পনা

ফ্রান্স সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন

ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা

ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন