রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ রাত ১০:৪৩

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। এবার অভিনেতার বিরুদ্ধে  চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক মিসেস শাহরিন আক্তার। এসব অভিযোগে অভিনেতাকে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি। শাহরিন আক্তার ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী।

প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। প্রযোজকের অভিযোগ, ‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে রাজের সঙ্গে করা চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে। পাশাপাশি এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এ ঘটনায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিনেতার কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রযোজক।

নোটিশে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়ার বিষয়টি সিনেমাটিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে ঠিক কোন শর্ত কীভাবে লঙ্ঘন করা হয়েছে এবং কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে প্রযোজকের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত শরীফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলে অভিযোগের বিষয়ে তার অবস্থান জানা যাবে।

প্রসঙ্গত, ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়েও আলোচনায় ছিলেন এ অভিনেতা। 

Parisreports / Parisreports